বরিশালের গৌরনদীতে ভাগ্নের গ্যারেজের এক মোটর মেকানিকের ওপর হামলার প্রতিবাদ করতে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের সদস্য এবং দৈনিক আমাদের সময়-এর গৌরনদী প্রতিনিধি এস. এম. জুলফিকার।
রোববার (২ আগস্ট) বিকেলে উপজেলার পুরাতন নাহার সিনেমা হল মোড়ে এ হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় স্বজন ও সহকর্মীরা তাকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
অভিযোগ অনুযায়ী, হামলায় জড়িতরা হলেন— বিএনপির কর্মী মাসুম সরদার, তার ছেলে ইয়াসিন, তার ভাই পৌর ছাত্রদলের আহ্বায়ক রাসেল হাওলাদার, সবুজ হাওলাদার এবং রিয়াজ উকিল নামে এক ব্যক্তি, যাকে অভিযোগে মাদক ব্যবসায়ী হিসেবে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়ন। সংগঠনের সভাপতি আযাদ আলাউদ্দীন ও সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হীরা এক যৌথ বিবৃতিতে বলেন, সাংবাদিকের ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। একই সঙ্গে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান তারা।
আহত সাংবাদিক এস. এম. জুলফিকার অভিযোগ করে বলেন, তার ভাগ্নে মুরাদ মেহেদীর গ্যারেজের কর্মচারী মোটর মেকানিক রিপন কাজী পুরাতন নাহার সিনেমা হল মোড়ের একটি চায়ের দোকানে বসে চা পান করছিলেন। এ সময় পা তুলে বসাকে কেন্দ্র করে হামলাকারীরা রিপন কাজীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে।
তিনি আরও বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ওই হামলার প্রতিবাদ করলে অভিযুক্তরা সংঘবদ্ধভাবে তার ওপর অতর্কিত হামলা চালায়।
তবে হামলার অভিযোগ অস্বীকার করেছেন পৌর ছাত্রদলের আহ্বায়ক রাসেল হাওলাদার। তিনি বলেন, "এই হামলার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। আমাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে জড়ানো হয়েছে।" তবে অভিযুক্ত অন্যদের বক্তব্য পাওয়া যায়নি।
গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিক হাসান রাসেল জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। অভিযোগের বিষয়ে তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
মতামত