পিকআপ ভ্যান জব্দ, আন্তঃজেলা চক্রের সম্পৃক্ততা খতিয়ে দেখছে পুলিশ
দিনাজপুরের কাহারোল উপজেলায় অভিযান চালিয়ে ৮৮ কেজি গাঁজাসহ দুই কথিত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যানও জব্দ করা হয়।
পুলিশ জানায়, দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আনোয়ার হোসেনের সার্বিক তত্ত্বাবধানে, কাহারোল সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. মনিরুজ্জামানের নেতৃত্বে এবং কাহারোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নির্দেশনায় বুধবার (৫ আগস্ট) ভোররাত সাড়ে ৪টার দিকে উপজেলার ৫ নম্বর সুন্দরপুর ইউনিয়নের ১১ মাইল ইটুয়া এলাকায় দশমাইল-ঠাকুরগাঁও মহাসড়কে নিয়মিত টহল ও তল্লাশি চালানো হয়।
এ সময় সন্দেহভাজন একটি পিকআপ ভ্যান (ঢাকা মেট্রো-ন-৪৬-৬৬১) থামিয়ে তল্লাশি করে এর ভেতরে থাকা তিনটি বস্তা থেকে মোট ৮৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপটি জব্দ এবং ভ্যানে থাকা দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন—চিরিরবন্দর উপজেলার রানীপুর গ্রামের মো. শফিকুল ইসলাম (৫২) এবং কাহারোল উপজেলার গড়নুরপুর গ্রামের রন্ধন চন্দ্র রায় (২৮)।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, গ্রেপ্তার দুজন একটি আন্তঃজেলা মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য বলে সন্দেহ করা হচ্ছে। তারা পরিবহন ব্যবসার আড়ালে দেশের বিভিন্ন স্থান থেকে মাদক সংগ্রহ করে দিনাজপুরসহ আশপাশের এলাকায় সরবরাহ করতেন বলে তদন্তে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে।
এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে কাহারোল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি মাদক চালানের সঙ্গে জড়িত অন্য ব্যক্তি ও চক্রের সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
জেলা পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে চলমান বিশেষ অভিযান ভবিষ্যতেও ধারাবাহিকভাবে পরিচালিত হবে।
মতামত