কুমিল্লার দেবিদ্বারে ফরিদা ইয়াসমিন (৫০) নামে এক বাড়ির মালিককে হত্যার পর মরদেহ খণ্ডিত করে পলিথিনে মুড়িয়ে বাড়ির পেছনের গলিতে ফেলে রাখার অভিযোগ উঠেছে এক নারী ভাড়াটিয়ার বিরুদ্ধে। শনিবার (৮ আগস্ট) সন্ধ্যায় দেবিদ্বার পৌর এলাকার ছোট আলমপুর পূর্বাশা আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল থেকে পলিথিনে মোড়ানো মরদেহের নয়টি খণ্ড উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় লাইলী আক্তার নামে এক নারী ভাড়াটিয়াকে আটক করা হয়েছে।
দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, ঘটনাস্থল থেকে পলিথিনে মোড়ানো মরদেহের নয়টি খণ্ড উদ্ধার করা হয়েছে। নিহতের মাথা ও পা এখনো উদ্ধার হয়নি। হত্যাকাণ্ডের কারণ এবং এর সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফরিদা ইয়াসমিন ছোট আলমপুর পূর্বাশা আবাসিক এলাকায় নিজ বাড়িতে থাকতেন। তাঁর স্বামী মফিজুল ইসলাম জাহাজে কর্মরত। তাঁদের দুই মেয়ের বিয়ে হয়ে গেছে। বাড়ির একটি কক্ষে লাইলী আক্তার ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।
শনিবার সকালে ফরিদার ছোট মেয়ে মাকে দেখতে বাড়িতে আসেন। কিন্তু বাড়িতে এসে মাকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে সন্ধ্যার দিকে বাড়ির পেছনের গলিতে কয়েকটি পলিথিনে মোড়ানো প্যাকেট দেখতে পান ফরিদার ভাগনে মামুন। সন্দেহ হলে প্যাকেটগুলো খুলে মরদেহের খণ্ড দেখতে পাওয়া যায়। পরে পুলিশকে খবর দেওয়া হয়।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের খণ্ডগুলো উদ্ধার করে। এ সময় স্থানীয়রা লাইলী আক্তারকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। পরে তাঁকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ।
স্থানীয়দের দাবি, জিজ্ঞাসাবাদের সময় লাইলী হত্যাকাণ্ড সম্পর্কে কিছু তথ্য দিয়েছেন। তবে এসব তথ্যের সত্যতা যাচাই করছে পুলিশ। ঘটনায় আরও কেউ জড়িত কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে মরদেহের উদ্ধার হওয়া অংশগুলো ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। হত্যাকাণ্ডের সুনির্দিষ্ট কারণ, ঘটনার সঙ্গে অন্য কারও সম্পৃক্ততা এবং মরদেহের বাকি অংশের অবস্থান জানতে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।
ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সন্ধ্যার পর ঘটনাস্থলে স্থানীয়দের ভিড় জমে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে অবস্থান নেয়।
উল্লেখ্য, লাইলী আক্তারের বিরুদ্ধে এর আগেও একটি হত্যা মামলায় জড়িত থাকার অভিযোগ রয়েছে। ২০২১ সালের ১৪ নভেম্বর দেবিদ্বারে পাঁচ বছর বয়সী শিশু ফাহিমার মরদেহ উদ্ধারের ঘটনায় লাইলীকে গ্রেপ্তার করেছিল পুলিশ। পরে ওই মামলায় কারাভোগের পর তিনি জামিনে মুক্তি পান বলে স্থানীয় সূত্রে জানা গেছে। বর্তমানে বাড়ির মালিক ফরিদা ইয়াসমিন হত্যার ঘটনায় তাঁর নাম সামনে এসেছে। তবে দুটি ঘটনার মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কি না, তা এখনো নিশ্চিত নয়; বিষয়টি তদন্ত করছে পুলিশ।
মতামত