দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) পৃথক তিনটি বিশেষ অভিযান পরিচালনা করে দিনাজপুরের বিরল ও ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সীমান্ত থেকে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল সীমান্ত থেকে ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করেছে।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানিয়েছে, দেশের সীমান্ত সুরক্ষা নিশ্চিতকরণের পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে তারা ধারাবাহিকভাবে গোয়েন্দা তথ্যভিত্তিক অভিযান পরিচালনা করে আসছে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১০ আগস্ট ২০২৬ রাত ৯টা ৪০ মিনিটে দিনাজপুর ব্যাটালিয়নের অধীনস্থ মৌচোষা বিওপি দিনাজপুর জেলার বিরল উপজেলার সীমান্ত পিলার ৩২৯/৫-এস থেকে প্রায় এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে চৌধুরীপাড়া লিচুবাগান এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ২০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে।
একই রাতে ১১টা ২০ মিনিটে ব্যাটালিয়নের বৈরচুনা বিওপি ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার সীমান্ত পিলার ৩৩৫/৩-এস থেকে প্রায় ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দৌপাইল এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ৫৯ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে।
এ ছাড়া ১১ আগস্ট ২০২৬ রাত ৩টা ১০ মিনিটে দিনাজপুর ব্যাটালিয়নের পার্বতীপুর বিওপি ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার সীমান্ত পিলার ৩৪৪/৭-এস থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কোচাল এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ৭১ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে। বিজিবি জানায়, উদ্ধার হওয়া মাদকদ্রব্যের মোট সিজার মূল্য ৫২ হাজার ১০০ টাকা।
উদ্ধারকৃত মাদকদ্রব্যের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। পাশাপাশি এসব মাদক চোরাচালানের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান বলেন, দেশের সীমান্ত সুরক্ষা নিশ্চিতের পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি ভবিষ্যতেও কঠোর ও নিয়মিত অভিযান অব্যাহত রাখবে।
মতামত