নোয়াখালীর সেনবাগ উপজেলার ৮ নম্বর বিজবাগ ইউনিয়নের শ্যামেরগাঁও গ্রামে চুরির অপবাদ দিয়ে এক নারী উদ্যোক্তাকে মারধর, টানা-হেঁচড়া করে বাড়ি থেকে প্রায় ২০০ গজ দূরে নিয়ে গাছের সঙ্গে বেঁধে রাখার অভিযোগ উঠেছে। এ সময় তার পরনের ওড়না খুলে যৌন হয়রানি, মারধর এবং স্বর্ণালংকার নিয়ে যাওয়ারও অভিযোগ করেছেন ভুক্তভোগী কহিনূর বেগম (৪৮)।
ঘটনার প্রতিবাদ এবং মামলায় অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে মঙ্গলবার (১৯ আগস্ট) বেলা ১১টায় সেনবাগের ছমির মুন্সিরহাটে মোহাম্মদিয়া রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী কহিনূর বেগম। তিনি নিজেকে একজন নারী উদ্যোক্তা ও গৃহবধূ হিসেবে পরিচয় দিয়ে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং আইনি প্রতিকার দাবি করেন। সংবাদ সম্মেলনে তার পরিবারের অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।
এ ঘটনায় কহিনূর বেগম সেনবাগ থানায় চারজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২-৩ জনকে আসামি করে এজাহার দায়ের করেছেন।
এজাহারে নাম থাকা ব্যক্তিরা হলেন-পূর্ব শ্যামেরগাঁও এলাকার আবুল হাসেম মাষ্টার (২৮), মো. ইসমাইল হোসেন (২৭), মো. সিফাত (২৫) এবং কাজিরখীল এলাকার রিংকন ওরফে লিংকন (৩২)। তাদের সবার বাড়ি সেনবাগ উপজেলার ৮ নম্বর বিজবাগ ইউনিয়নে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।ব
এজাহার সূত্রে জানা যায়, কহিনূর বেগম বাড়িতে মুরগি ও কোয়েল পাখির খামার পরিচালনা করে জীবিকা নির্বাহ করেন। তার স্বামী ও এক ছেলে প্রবাসে থাকেন। আরেক ছেলে ঢাকায় থাকেন এবং মেয়ের বিয়ে হয়েছে। ফলে তিনি অনেকটা একাই বাড়িতে বসবাস করেন।
ভুক্তভোগীর দাবি, অভিযুক্তদের সঙ্গে তাদের পরিবারের দীর্ঘদিন ধরে জায়গা-সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জেরে তাকে বিভিন্ন সময় ভয়ভীতি ও হুমকি দেওয়া হতো।
‘চুরির অপবাদ দিয়ে গাছের সঙ্গে বেঁধে রাখা হয়’
এজাহারে কহিনূর বেগম অভিযোগ করেন, গত ১৪ আগস্ট রাত আনুমানিক ৯টার দিকে তিনি মোবাইল ফোনে মেয়ের সঙ্গে কথা বলছিলেন। এ সময় অভিযুক্তরা তার বাড়ির সীমানার টিনের বেড়া ও গেটে ধাক্কাধাক্কি করতে থাকেন। তিনি গেট খুলে বিষয়টি জানতে চাইলে কোনো কিছু বুঝে ওঠার আগেই তাকে কিল-ঘুষি ও মারধর করা হয়।
অভিযোগ অনুযায়ী, পরে তাকে টানা-হেঁচড়া করে বাড়ি থেকে প্রায় ২০০ গজ পশ্চিমে একটি ঠাকুর বাড়ির দিকে নিয়ে যাওয়া হয়। সেখানে অভিযুক্তদের মধ্যে দুজন তার পরনের ওড়না টেনে খুলে ফেলে এবং তাকে যৌন হয়রানি করে বলে অভিযোগ করেন কহিনূর।
তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসতে থাকলে অভিযুক্তরা তার ওড়না দিয়ে তাকে একটি গাছের সঙ্গে বেঁধে রাখে এবং মারধর করে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
এরপর তার খামার থেকে পাঁচটি মুরগি এনে তাকে ওই মুরগিগুলো চুরির অপবাদ দেওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি।
কহিনূর বেগমের দাবি, তাকে রাত আনুমানিক ১টা ৩০ মিনিট পর্যন্ত গাছের সঙ্গে বেঁধে রাখা হয়।
এজাহারে কহিনূর বেগম আরও অভিযোগ করেন, ঘটনার সময় তার গলায় থাকা প্রায় ৮ আনা ওজনের একটি স্বর্ণের চেইন, যার আনুমানিক মূল্য এক লাখ টাকা, এবং দুই হাতে থাকা প্রায় এক ভরি ওজনের একজোড়া স্বর্ণের বালা, যার আনুমানিক মূল্য দুই লাখ টাকা-নিয়ে যাওয়া হয়।
অভিযোগে আরও বলা হয়েছে, ঘটনাস্থল থেকে চলে যাওয়ার সময় অভিযুক্তরা বিষয়টি নিয়ে কোথাও বিচার চাইলে কিংবা থানায় মামলা করলে তাকে ও তার পরিবারের সদস্যদের বড় ধরনের ক্ষতি করার হুমকি দেন।
পরে স্থানীয় লোকজন ও এজাহারে উল্লেখিত সাক্ষীদের সহায়তায় তাকে উদ্ধার করা হয় এবং স্থানীয়ভাবে চিকিৎসার ব্যবস্থা করা হয় বলে অভিযোগে উল্লেখ করেছেন ভুক্তভোগী।
ঘটনার পর স্বামী-সন্তানদের সঙ্গে আলোচনা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের বিষয়টি জানানোর কারণে থানায় অভিযোগ করতে কিছুটা বিলম্ব হয়েছে বলে কহিনূর বেগম দাবি করেন।
পরবর্তীতে তিনি সেনবাগ থানায় লিখিত এজাহার দায়ের করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থায় রিংকন ওরফে লিংকন (৩২) নামের একজনকে আটক করে আদালতে পাঠিয়েছে বলে জানা গেছে।
তবে এজাহারে আনা অভিযোগের বিষয়ে অভিযুক্ত অন্য ব্যক্তিদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। ফলে অভিযোগগুলোর সত্যতা, ঘটনার প্রকৃত কারণ, চুরির অভিযোগের ভিত্তি এবং স্বর্ণালংকার নিয়ে যাওয়ার বিষয়টি তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রয়োজন।
সংবাদ সম্মেলনে কহিনূর বেগম বলেন, “আমি একজন নারী উদ্যোক্তা। আমাকে মিথ্যা চুরির অপবাদ দিয়ে যেভাবে নির্যাতন করা হয়েছে, তা কোনো সভ্য সমাজে মেনে নেওয়া যায় না। আমি ঘটনার সুষ্ঠু তদন্ত, অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার এবং ন্যায়বিচার চাই।”
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা ও উদ্বেগ সৃষ্টি হয়েছে। একজন নারীকে আইন নিজের হাতে তুলে নিয়ে মারধর ও গাছের সঙ্গে বেঁধে রাখার অভিযোগের সুষ্ঠু তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগী ও তার পরিবার।
আইন নিজের হাতে নয়-অভিযোগ সত্য হলে বিচার হোক আদালতে, আর মিথ্যা হলে নির্যাতিত নারীর ন্যায়বিচার নিশ্চিত হোক-এমনটাই প্রত্যাশা স্থানীয় সচেতন মহলের।
মতামত