লক্ষ্মীপুরে ডাচ্-বাংলা ব্যাংক পিএলসির এজেন্ট ব্যাংকিংয়ের আওতাধীন একটি আউটলেট থেকে ৪৮ গ্রাহকের জমাকৃত ১ কোটি ৫ লাখ ৫৭ হাজার ৫০০ টাকা আত্মসাতের ঘটনায় দীর্ঘদিনের রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) নোয়াখালী। এ ঘটনায় মামলার মূল আসামি মো. নাছির উদ্দিন ওরফে খোকন আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছে পিবিআই।
শনিবার (২২ আগস্ট) বিকেলে লক্ষ্মীপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (ক্ষমতাপ্রাপ্ত) তাসলিমা ইসলামের আদালতে দেওয়া জবানবন্দিতে আসামি খোকন অর্থ আত্মসাতের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করেন বলে তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
মো. নাছির উদ্দিন ওরফে খোকন (৫৫) লক্ষ্মীপুর সদর উপজেলার সাহাপুর গ্রামের নাছির উদ্দিনের বাড়ির মৃত আলী আকবরের ছেলে।
পিবিআই নোয়াখালী জেলা কার্যালয় সূত্রে জানা যায়, লক্ষ্মীপুর সদর থানায় দায়ের করা মামলার তদন্তে উঠে এসেছে, নাছির উদ্দিন ওরফে খোকন ২০১৯ সাল থেকে ডাচ্-বাংলা ব্যাংক পিএলসির লক্ষ্মীপুর জেলার এজেন্ট ব্যাংকিংয়ের আওতাভুক্ত মিরিকপুর শাখার একটি আউটলেটের দায়িত্বে ছিলেন। এ সময় তিনি মো. শহিদুল্লাহ ওরফে জিয়াকে ট্রেইলার হিসেবে নিয়োগ দেন।
অভিযোগ রয়েছে, খোকন ও শহিদুল্লাহ পরস্পর যোগসাজশে এজেন্ট ব্যাংকিং আউটলেটে গ্রাহকদের জমা দেওয়া টাকা ব্যাংকের হিসাবে জমা না দিয়ে আত্মসাৎ করেন। পরে গ্রাহকেরা তাদের জমাকৃত টাকা উত্তোলন অথবা হিসাব হালনাগাদ করতে গেলে বিষয়টি ধীরে ধীরে প্রকাশ্যে আসে। একপর্যায়ে অভিযুক্তরা আত্মগোপনে চলে যান।
পিবিআইয়ের তদন্তে আরও চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। গ্রাহকদের টাকা আত্মসাতের উদ্দেশ্যে ব্যাংকের সার্ভারে ত্রুটির কথা বলে তাদের হাতে ভুয়া, হাতে লেখা এবং ভুয়া বায়োমেট্রিক ফিক্সড ডিপোজিট স্লিপ দেওয়া হয়। এভাবে ৪৮ জন গ্রাহকের কাছ থেকে মোট ১ কোটি ৫ লাখ ৫৭ হাজার ৫০০ টাকা আত্মসাৎ করা হয়েছে বলে তদন্তে উঠে এসেছে।
এ ঘটনায় ২০২৫ সালের ১ জুলাই লক্ষ্মীপুর সদর থানায় দণ্ডবিধির ৪০৬, ৪০৮, ৪০৯ ও ৪২০ ধারায় মামলা দায়ের করা হয়।
মামলার পর লক্ষ্মীপুর সদর থানা পুলিশ ২০২৫ সালের ৩ আগস্ট মো. নাছির উদ্দিন ওরফে খোকনকে গ্রেপ্তার করে। তবে মামলার তদন্তে আশানুরূপ অগ্রগতি না হওয়ায় লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ আদালত স্বপ্রণোদিত হয়ে মামলাটির তদন্তভার পিবিআই নোয়াখালী জেলার ওপর ন্যস্ত করেন।
পরে মামলাটির তদন্তভার গ্রহণ করেন পিবিআই নোয়াখালী জেলার এসআই (নিরস্ত্র) মো. কামাল আব্বাস। মামলার মূল রহস্য উদ্ঘাটন এবং আত্মসাৎকৃত অর্থ উদ্ধারের লক্ষ্যে আদালতের অনুমতি নিয়ে আসামিকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হয়।
পিবিআইয়ের দাবি, জিজ্ঞাসাবাদের মাধ্যমে অর্থ আত্মসাতের কৌশল, গ্রাহকদের সঙ্গে প্রতারণা এবং ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়। এর ধারাবাহিকতায় মামলার মূল আসামি নাছির উদ্দিন ওরফে খোকন আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দেন।
পিবিআই নোয়াখালীর পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান বলেন, আদালতের নির্দেশনা অনুযায়ী মামলাটির নিরবচ্ছিন্ন তদন্ত পরিচালনা করা হয়েছে। জিজ্ঞাসাবাদে অর্থ আত্মসাতের বিস্তারিত তথ্য বেরিয়ে এসেছে। পরে মামলার মূল আসামি আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।
তিনি আরও জানান, এ ঘটনায় জড়িত পলাতক অন্যান্য আসামিদের গ্রেপ্তার এবং আত্মসাৎকৃত অর্থ উদ্ধারে পিবিআই নোয়াখালীর অভিযান ও তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।
তদন্ত সংশ্লিষ্টদের আশা, মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তার এবং আত্মসাৎকৃত অর্থ উদ্ধারের মাধ্যমে ৪৮ গ্রাহকের দীর্ঘদিনের ভোগান্তির অবসান হবে।
মতামত