একটি চিরকুট,৮ লাখ টাকা লেনদেনের অভিযোগ, বিয়েকে কেন্দ্র করে বিরোধ এবং পরবর্তীতে এক তরুণের মৃত্যু—সব মিলিয়ে কিশোরগঞ্জের তাড়াইলে তানিম নামে এক যুবকের আত্মহত্যার ঘটনা ঘিরে তৈরি হয়েছে নানা প্রশ্ন। ছেলেকে হারিয়ে এখন ন্যায়বিচারের আশায় অপেক্ষা করছেন তাঁর অসহায় মা। এ ঘটনায় আদালতে মামলা হয়েছে। তদন্তের জন্য মামলাটি সিআইডিতে পাঠানো হয়েছে বলে নথি সূত্রে জানা গেছে।
তানিম তাড়াইল উপজেলার তালজাঙ্গা ইউনিয়নের নন্দীপুর গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে। পেশায় তিনি ছিলেন টাইলস মিস্ত্রি। বাবা না থাকায় পরিবারের ভরণ-পোষণের প্রধান দায়িত্ব ছিল তাঁর ওপর। পরিবারের দাবি,তানিমের উপার্জনেই চলত তাঁদের সংসার।
মামলার নথিতে বলা হয়েছে,পাশের দড়িজাহাঙ্গীরপুর গ্রামের মৃত ওয়াজ উদ্দিনের মেয়ে মারজানা ইসলাম আনিকার সঙ্গে তানিমের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে তাঁদের বিয়ের বিষয়ে দুই পরিবারের মধ্যে আলোচনা হয়। পরিবারের অভিযোগ,বিয়ের কথা বলে বিভিন্ন সময়ে তানিমের কাছ থেকে ৮ লাখ টাকা নেওয়া হয়। কিন্তু পরবর্তীতে বিয়ের বিষয়ে টালবাহানা শুরু হলে তানিম টাকা ফেরত চান।
এ নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ দেখা দেয়। টাকা ফেরত চাওয়ার ঘটনায় তানিম থানায় লিখিত অভিযোগ করেছিলেন বলেও মামলার নথিতে উল্লেখ রয়েছে। পরিবারের দাবি,অভিযোগ করার পর তাঁকে মোবাইল ফোনে হুমকি দেওয়া হয়।
মামলার নথি অনুযায়ী,গত ৪ আগস্ট রাত সাড়ে ৮টার দিকে বিষপান করে অসুস্থ হয়ে পড়েন তানিম। পরিবারের লোকজন তাঁকে তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৩টার দিকে তাঁর মৃত্যু হয়।
তানিমের পরিবারের দাবি,মৃত্যুর আগে তিনি একটি চিরকুট লিখে যান। ওই চিরকুটে মারজানা ইসলাম আনিকা ও তাঁর পরিবারের কয়েকজন সদস্যকে নিজের মৃত্যুর জন্য দায়ী করা হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
ঘটনার পর কিশোরগঞ্জ মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। জিডি নম্বর ৩০৭,তারিখ ৫ আগস্ট ২০২৬।
পরে তানিমের মা বাদী হয়ে মারজানা ইসলাম আনিকা (২০), আছেমা (৪৫), শ্রাবণ (২৫), দিপু আক্তার (২৬), আবু বকর (৫০), সুমী আক্তার (৪৭) ও সুচনা (২২)-এর বিরুদ্ধে কিশোরগঞ্জের আদালতে মামলা করা হয়। ২০ আগস্ট দায়ের করা মামলাটির নম্বর ৩১৭। এতে দণ্ডবিধির ৩০৬/৪০৬/৪২০/১০৯/৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে। মামলাটি তদন্তের জন্য সিআইডিতে পাঠানো হয়েছে বলে নথি সূত্রে জানা গেছে।
তানিমের মৃত্যুর পেছনে প্রকৃত ঘটনা কী ছিল, ৮ লাখ টাকা লেনদেনের অভিযোগের সত্যতা কতটুকু, তাঁকে কোনো ধরনের হুমকি দেওয়া হয়েছিল কি না এবং চিরকুটে উল্লিখিত ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগের বাস্তব ভিত্তি রয়েছে কি না—এসব প্রশ্নের উত্তর এখন তদন্তেই বেরিয়ে আসার অপেক্ষায়।
মামলার সাক্ষী ও তানিমের ভগ্নিপতি সিএনজি চালক সজল মিয়া বলেন,মামলা করার পর থেকেই আসামিরা মামলা তুলে নেওয়ার জন্য আমাদের হুমকি দিয়ে আসছে। তাঁর অভিযোগ,পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় রয়েছেন।
এদিকে তানিমের মৃত্যুর পর সবচেয়ে বেশি বিপর্যস্ত তাঁর মা। একমাত্র উপার্জনক্ষম ছেলেকে হারিয়ে সংসারের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন তিনি। হাতে ছেলের ছবি নিয়ে ন্যায়বিচারের দাবি জানাচ্ছেন মা।
তানিমের পরিবারের দাবি,তাঁর মৃত্যুর ঘটনাটি কোনোভাবেই যেন চাপা না পড়ে। চিরকুট,টাকা লেনদেন,পূর্বের অভিযোগ ও কথিত হুমকির বিষয়গুলো নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত ঘটনা বের করার দাবি জানিয়েছেন তাঁরা।
অভিযুক্ত মারজানা ইসলাম আনিকাসহ অন্যদের বক্তব্য জানতে তাঁদের বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি। ফলে তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে আসামিপক্ষের বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।
আইনশৃঙ্খলা বাহিনীর তদন্ত এবং আদালতের বিচারিক প্রক্রিয়াতেই তানিমের মৃত্যুর প্রকৃত কারণ ও দায়-দায়িত্বের বিষয়টি চূড়ান্তভাবে নির্ধারিত হবে।
মতামত