বগুড়ার ধুনট উপজেলার চালাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে সরকারি নিয়ম অমান্য করে শিক্ষার্থীদের কাছ থেকে অবৈধভাবে পরীক্ষার ফি আদায়ের অভিযোগ উঠেছে।
বিদ্যালয় সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানটিতে প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত মোট ৩১২ জন শিক্ষার্থী পড়াশোনা করছে। গত ১৭ আগস্ট থেকে উপজেলার ২০২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মতো এই বিদ্যালয়েও একযোগে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা শুরু হয়। তবে সরকারি নিয়ম তোয়াক্কা না করে পরীক্ষা শুরু হওয়ার আগেই প্রথম থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের কাছ থেকে শ্রেণিভেদে ৩০ থেকে ৬০ টাকা পর্যন্ত ফি আদায় করা হয়।
সরজমিনে গিয়ে দেখা যায়, প্রথম শ্রেণির শিক্ষার্থী আবিদ ও আরশি প্রত্যেকে ৩০ টাকা করে এবং তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা ৬০ টাকা করে ফি দেওয়ার কথা স্বীকার করেছে। একাধিক অভিভাবক ক্ষোভ প্রকাশ করে জানান, সরকারি প্রাথমিকে পরীক্ষার ফি নেওয়ার কোনো সুযোগ নেই। তা সত্ত্বেও প্রধান শিক্ষক জোরপূর্বক এই টাকা আদায় করেছেন।
টাকা আদায়ের বিষয়টি স্বীকার করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক লতিফা খাতুন জানান, বিদ্যালয়ে তীব্র আর্থিক সংকট চলায় বাধ্য হয়ে শিক্ষার্থীদের কাছ থেকে এই ফি নেওয়া হয়েছে।
তবে ধুনট উপজেলা শিক্ষা কর্মকর্তা সাইয়্যেদা জাহান বানু স্পষ্ট জানিয়ে দিয়েছেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের কাছ থেকে পরীক্ষার ফি নেওয়ার কোনো আইনগত বিধান নেই। অভিযোগের সত্যতা যাচাই করে সংশ্লিষ্ট প্রধান শিক্ষকের বিরুদ্ধে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
মতামত