কুমিল্লার বুড়িচংয়ে পারিবারিক বিরোধ ও মাদক ব্যবসার টাকা-পয়সা নিয়ে দ্বন্দ্বের জেরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন হয়েছেন বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার দুপুরে উপজেলার মোকাম ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কাকিয়ারচর পশ্চিমপাড়া গ্রামের নবী মেম্বার বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত জাকির (২৮) ওই এলাকার আইয়ুব আলীর ছেলে। এ ঘটনায় অভিযুক্ত তাঁর বড় ভাই শাকিল (৩২) ঘটনার পর থেকে পলাতক রয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জাকির ও শাকিলের মধ্যে বেশ কিছুদিন ধরে পারিবারিক বিষয় ও মাদকসংক্রান্ত লেনদেন নিয়ে বিরোধ চলছিল। মঙ্গলবার দুপুর ১টার দিকে শাকিল বাড়িতে এলে দুই ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা মারামারিতে রূপ নেয়।
অভিযোগ রয়েছে, এ সময় শাকিল লাঠি ও ধারালো বস্তু দিয়ে জাকিরের মাথার পেছনসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই জাকিরের মৃত্যু হয় বলে স্থানীয়রা জানান। পরে শাকিল ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
স্থানীয়রা জানান, সন্ধ্যা ৬টার দিকে বিষয়টি স্থানীয় চৌকিদার মোকলেসকে জানানো হয়। পরে তিনি পুলিশকে খবর দেন। খবর পেয়ে দেবপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে জাকিরের মরদেহ উদ্ধার করেন এবং সুরতহাল প্রতিবেদন তৈরির কাজ শুরু করেন।
দেবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) সুরেজীত বড়ুয়া জানান, নিহত জাকিরের বিরুদ্ধে হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে। প্রাথমিকভাবে তাঁর মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার তথ্যও পাওয়া গেছে। এ নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে তাঁর একাধিকবার বিরোধের ঘটনাও ঘটেছে।
পুলিশের প্রাথমিক ধারণা, ঘটনার দিন মাদক ব্যবসার টাকা-পয়সা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের সূত্রপাত হতে পারে। তবে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।
এ ঘটনায় অভিযুক্ত শাকিলকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।
মতামত