নোয়াখালী জেলা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী, বহনকারী ও সেবনকারীসহ ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ৫৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ১ হাজার ১৩০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পাঁচটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) আহমেদ পেয়ার এ তথ্য জানান।
পুলিশ জানায়, মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) নোয়াখালী জেলার বিভিন্ন থানা ও বিট এলাকায় মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং মাদকসংক্রান্ত অপরাধ দমনের লক্ষ্যে মাদকবিরোধী র্যালি, সমাবেশ ও বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
জেলা পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিনের সার্বিক দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে পরিচালিত এসব কর্মসূচির অংশ হিসেবে একটি মাদকবিরোধী র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে পুলিশ কর্মকর্তা, জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার সচেতন নাগরিক অংশ নেন।
পুলিশের তথ্যমতে, জেলার বিভিন্ন এলাকায় মোট ২৭টি বিশেষ অভিযান পরিচালনা করে ১০ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে সাতজন মাদক ব্যবসায়ী, দুজন মাদক বহনকারী এবং একজন মাদকসেবী রয়েছেন। অভিযানে মোট ৫৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ১ হাজার ১৩০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এসব ঘটনায় পাঁচটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
থানাভিত্তিক অভিযানের মধ্যে হাতিয়া থানায় ২২০ গ্রাম গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ী ও দুজন মাদক বহনকারীকে গ্রেফতার করা হয়।
কোম্পানীগঞ্জ থানায় ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
বেগমগঞ্জ মডেল থানার অভিযানে ৮০০ গ্রাম গাঁজাসহ দুজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। সেনবাগ থানায় ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন মাদক ব্যবসায়ী ও একজন মাদকসেবীকে গ্রেফতার করা হয়।
এ ছাড়া সোনাইমুড়ী থানার অভিযানে পাঁচ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০ গ্রাম গাঁজাসহ দুজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। চরজব্বর থানায় ১০০ গ্রাম গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
অন্যদিকে, সেনবাগ থানার আওতায় মোবাইল কোর্ট পরিচালনা করে একজন মাদকসেবীকে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়, মাদকের বিরুদ্ধে বর্তমান সরকারের জিরো টলারেন্স নীতির ধারাবাহিকতায় নোয়াখালী জেলা পুলিশ মাদক ব্যবসা, সরবরাহ, বহন ও সেবনের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করছে। একই সঙ্গে মাদকের ক্ষতিকর দিক সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে বিভিন্ন কর্মসূচিও অব্যাহত থাকবে।
অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) আহমেদ পেয়ার বলেন, মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসা ও মাদকসেবনের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে সর্বস্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন।
মতামত