দিনাজপুরের পার্বতীপুর উপজেলার হরিরামপুর ইউনিয়নের গুড়গুড়ি এলাকায় কবরস্থানসহ প্রায় ৮ শতক জমি ঘিরে বিরোধ দেখা দিয়েছে। ওই জমি দখলের অভিযোগ উঠেছে সংলগ্ন একটি মাদ্রাসার মুহতামিমের বিরুদ্ধে।
অভিযোগকারী আলমের দাবি, প্রায় ৫০ থেকে ৫৫ বছর আগে ওই জায়গায় তাদের পারিবারিক কবরস্থান ছিল। প্রায় ৩০ বছর আগে মধ্যপাড়া কঠিন শিলা কর্তৃপক্ষ জায়গাটি অধিগ্রহণ করে নেয়।
তিনি বলেন, পরে মধ্যপাড়া আবাসিক এলাকার বাউন্ডারি ওয়াল নির্মাণের সময় সেখানে কবরস্থান থাকায় পরিবার ও স্থানীয় বাসিন্দারা জায়গাটি বাদ দেওয়ার অনুরোধ করেন। তাদের দাবির পরিপ্রেক্ষিতে মানবিক বিবেচনায় প্রায় পাঁচ শতক জায়গা বাদ রেখে বাউন্ডারি ওয়াল নির্মাণ করা হয়।
আলমের ভাষ্য, এরপর থেকে তারা জায়গাটি পারিবারিক কবরস্থান হিসেবে ব্যবহার করে আসছেন। এর মধ্যে পরিবারের চারজন সদস্যকে সেখানে দাফন করা হয়েছে।
তার অভিযোগ, সম্প্রতি ওই জায়গার মালিকানা নিয়ে আপত্তি তোলেন পাশের মাদ্রাসার মুহতামিম আজিজুল হক। এ নিয়ে স্থানীয়ভাবে একটি সামাজিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে কবরস্থানের জন্য এক শতক জায়গা রেখে বাকি অংশ ঘিরে নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়েছিল বলে জানান তিনি।
তবে আলমের অভিযোগ, বৈঠকের সিদ্ধান্তের পরও পুরো জায়গাটি ঘিরে ফেলা হয়েছে। এতে কবরস্থান নিয়ে নতুন করে জটিলতা তৈরি হয়েছে।
অভিযোগের বিষয়ে আজিজুল হক বলেন, ‘অন্যের জায়গা বা কবরস্থান দখল করার প্রশ্নই আসে না। এই জায়গাটি আমরা তাদের ওয়ারিশদের কাছ থেকে কিনেছি।’
সামাজিক বৈঠকে উপস্থিত কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, জমিটি একসময় মধ্যপাড়া কঠিন শিলা কর্তৃপক্ষ অধিগ্রহণ করেছিল। পরে আবাসিক এলাকার বাউন্ডারি ওয়াল নির্মাণের সময় সেখানে কবরস্থান থাকায় পরিবার ও স্থানীয়দের দাবির পরিপ্রেক্ষিতে কবরস্থানসংলগ্ন অংশ বাদ রাখা হয়।
তাদের দাবি, এরপর থেকে জায়গাটি আলমদের পরিবারের দখলে ছিল। সম্প্রতি আজিজুল হক জায়গাটি কেনার দাবি করলে বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে বৈঠক হয়।
বৈঠকে কবরস্থানের জন্য এক শতক জায়গা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলে জানান উপস্থিত সদস্যরা। কিন্তু পরবর্তীতে ওই সিদ্ধান্ত অনুযায়ী জায়গা না রাখায় বিরোধ আরও বেড়েছে বলে তাদের অভিযোগ।
স্থানীয় বাসিন্দারা বলছেন, বিষয়টি সমাধানে জমির দলিল, খতিয়ান, দখল ও অধিগ্রহণ-সংক্রান্ত নথি যাচাই করা প্রয়োজন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে নথিপত্র যাচাই করে প্রকৃত মালিকানা নির্ধারণের পাশাপাশি কবরস্থানের বিষয়টিও মানবিকভাবে বিবেচনার দাবি জানিয়েছেন তারা।
তবে জমিটির প্রকৃত মালিকানা এবং অধিগ্রহণের পরবর্তী আইনগত অবস্থান সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া গেলে বিষয়টি আরও স্পষ্ট হবে।
মতামত