বরগুনার পাথরঘাটায় কোস্টগার্ডের বিশেষ অভিযানে ৩৫০ কেজি হরিণের মাংস, ৩টি চামড়া ও ১টি মাথা উদ্ধার করা হয়েছে। এ সময় বন্যপ্রাণী পাচারের সাথে জড়িত থাকার অভিযোগে এক ব্যক্তিকে আটক করে কোস্টগার্ড।
কোস্টগার্ড সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড দক্ষিণ জোনের একটি চৌকস দল পাথরঘাটা উপকূলীয় এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ জবাই করা হরিণের মাংস, ৩টি চামড়া, ১টি মাথা এবং হরিণ শিকার ও পাচারে ব্যবহৃত কাঠের নৌকা জব্দ করা হয়। উদ্ধার করা মাংসের আনুমানিক ওজন প্রায় ৩৫০ কেজি (প্রায় ৯ মন)।
কোস্টগার্ডের কর্মকর্তারা জানান, সুন্দরবন ও সংলগ্ন উপকূলীয় বনাঞ্চল থেকে অবৈধভাবে হরিণ শিকার করে পাচারের উদ্দেশ্যে এলাকাটিতে আনা হয়েছিল। আইনশৃঙ্ক্ষলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে এগুলো বাজারে বিক্রির পরিকল্পনা ছিল চক্রটির।
আটককৃত আসামির বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। উদ্ধারকৃত মাংস, চামড়া ও জব্দকৃত মালামালসহ আটক ব্যক্তিকে সংশ্লিষ্ট বন বিভাগ ও থানা পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া প্রক্রিয়াধীন রয়েছে।
উপকূলীয় এলাকায় বন্যপ্রাণী রক্ষা এবং অবৈধ হরিণ শিকার বন্ধে কোস্টগার্ডের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জোন প্রধান নিশ্চিত করেছেন।
মতামত