দিনাজপুরের নবাবগঞ্জে মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় পরিতোষ রায় (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ভাদুরিয়া ইউনিয়নের নয়ানী জামিরা এলাকায় এ ঘটনা ঘটে। পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে ঘটনাটি তদন্ত করছে পুলিশ।
নিহত পরিতোষ রায় নীলফামারীর ডিমলা উপজেলার উত্তর ঝুনাগাছচাপানী গ্রামের সুনীল চন্দ্র রায়ের ছেলে।
পরিবারের লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, গত ৫ সেপ্টেম্বর পরিতোষ রায়কে ভাদুরিয়া ইউনিয়নের নয়ানী জামিরা এলাকায় অবস্থিত সততা মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরিবারের সদস্যদের সঙ্গে তার আর যোগাযোগ হয়নি।
অভিযোগে বলা হয়, ১০ সেপ্টেম্বর দুপুরে খাবার খাওয়ার পর পরিতোষ বাথরুমে যান। পরে দীর্ঘ সময়েও তিনি বের না হওয়ায় বিষয়টি অন্য রোগীরা নিরাময় কেন্দ্রের স্টাফদের জানান। পরে স্টাফরা তাকে উদ্ধার করে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক বিকেল আনুমানিক সাড়ে ৩টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পরিতোষের বাবা সুনীল চন্দ্র রায়সহ স্বজনরা নবাবগঞ্জ থানায় গিয়ে লিখিত অভিযোগ করেন। পরিবারের পক্ষ থেকে মৃত্যুর ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।
নবাবগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, লিখিত অভিযোগের পর ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হবে।
মতামত