গোপালগঞ্জ সদর উপজেলায় নিখোঁজের তিন দিন পর পরী হাজরা (৬৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার সাতপাড় ইউনিয়নের বেদভিটা গ্রামে নিজ বাড়ির পাশের একটি সবজি ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত পরী হাজরা ওই গ্রামের তুলশি হাজরার স্ত্রী।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল থেকে নিখোঁজ ছিলেন পরী হাজরা। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। পরে সোমবার সকালে বাড়ির উঠানের সামনে সবজি ক্ষেত থেকে দুর্গন্ধ বের হলে পরিবারের লোকজন সেখানে গিয়ে উপুড় অবস্থায় তার মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে পুলিশকে খবর দেওয়া হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
নিহতের ছেলে মৃণাল হাজরা বলেন, “তিন দিন ধরে আমার মা নিখোঁজ ছিলেন। সকালে ক্ষেতের পাশ থেকে দুর্গন্ধ পেয়ে সেখানে গিয়ে মায়ের মরদেহ দেখতে পাই। তার কান ও নাকে স্বর্ণালংকার ছিল। সেগুলোও পাওয়া যাচ্ছে না।”
গোপালগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
ঘটনাটি নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে।
মতামত