জামালগঞ্জে সংঘর্ষে নিহত ১, আহত ৮
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ৪ নম্বর সাচনা বাজার ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের রহিমনগর গ্রামে দুই পক্ষের সংঘর্ষে নজরুল ইসলাম (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত আটজন আহত হয়েছেন বলে জানা গেছে।
নিহত নজরুল ইসলাম রহিমনগর গ্রামের বাসিন্দা। আহতদের মধ্যে তানিম ও বদরুল ইসলাম এবং অপর পক্ষের আব্দুল আলী, হাবিব, ছাদিকুর, ফয়সল, জমাদার আলী ও হুসাইন রয়েছেন। আহতরা বর্তমানে সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল আনুমানিক ৯টা থেকে ১০টার মধ্যে রহিমনগর গ্রামের বাড়ির সামনের পাকা রাস্তায় রিং জাল নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় লোহার রড ও কাঠের লাঠি ব্যবহার করা হয়েছে বলে জানা গেছে ।
সংঘর্ষে গুরুতর আহত নজরুল ইসলামকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে জামালগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ বন্দে আলি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পরিদর্শন করেন। পরে নিহতের স্ত্রীর সাক্ষ্য নেওয়া হয় এবং মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
এদিকে ঘটনার পর অভিযুক্তদের কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। এ ঘটনায় জামালগঞ্জ থানায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
পুলিশ জানিয়েছে, সংঘর্ষের প্রকৃত কারণ এবং ঘটনায় জড়িতদের ভূমিকা তদন্তের মাধ্যমে খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে ঘটনার বিষয়ে বিস্তারিত জানা যাবে।
মতামত