কুমিল্লায় কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে পুলিশের ধারাবাহিক অভিযানে তিন দফায় মোট ১ হাজার ২৯৩ জনকে আটক করা হয়েছে। সর্বশেষ রোববার সন্ধ্যা থেকে সোমবার ভোর পর্যন্ত জেলার ১৮টি থানায় একযোগে অভিযান চালিয়ে ৪১৫ জনকে আটক করা হয়।
কুমিল্লা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান এ তথ্য জানিয়েছেন। পুলিশ বলছে, আটক ব্যক্তিদের মধ্যে যারা অপরাধের সঙ্গে জড়িত, যাচাই-বাছাই শেষে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৩ সেপ্টেম্বর রাতে প্রথম দফায় ৬২৪ জনকে আটক করা হয়। এরপর শনিবার রাতে দ্বিতীয় দফায় আটক করা হয় ২৫৪ জনকে। সর্বশেষ ৪১৫ জনসহ তিন দফায় আটকের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৯৩ জনে।
প্রথম দফায় আটক ৬২৪ জনের মধ্যে ৪৫১ জনকে মুচলেকায় পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। বাকি ১৭৩ জনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। দ্বিতীয় দফায় আটক ২৫৪ জনের মধ্যে ১৪৬ কিশোরকে মুচলেকায় পরিবারের কাছে হস্তান্তর করা হয়। অন্য ১০৮ জনের বিরুদ্ধে কিশোর গ্যাং-সংশ্লিষ্ট অপরাধ, মাদক ব্যবসা ও সেবন, নিয়মিত মামলা, ভ্রাম্যমাণ আদালত, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সঙ্গে সম্পৃক্ততা ও গ্রেপ্তারি পরোয়ানাসহ বিভিন্ন অভিযোগে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সর্বশেষ অভিযানে আটক ৪১৫ জনের বিষয়ে পুলিশ জানিয়েছে, তাদের পরিচয় ও সংশ্লিষ্টতা যাচাই-বাছাই করা হচ্ছে। যাচাই শেষে অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান জানান, কিশোর গ্যাংয়ের তৎপরতা রয়েছে—এমন বিভিন্ন স্থান, কিশোরদের আড্ডাস্থল ও অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালানো হয়েছে। কিশোর অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত রাখার কথাও জানিয়েছে জেলা পুলিশ।
এদিকে কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান জানিয়েছেন, অপরাধে সম্পৃক্ততা না থাকলে কাউকে হয়রানি করা হবে না। চলমান অভিযানে কোনো ধরনের চাপ নেই বলেও তিনি সাংবাদিকদের জানিয়েছেন।
মতামত