গোপালগঞ্জে অপহরণের তিন দিন পর ১২ বছর বয়সী শিশু সাজিম শিকদার ইয়াছিনকে সাতক্ষীরার ভোমরা সীমান্ত এলাকা থেকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মুন্না শিকদার নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। শিশুটিকে ভারতে পাচারের উদ্দেশ্যে অপহরণ করা হয়েছিল বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও ভুক্তভোগী পরিবারের সূত্রে জানা গেছে, গোপালগঞ্জ সদর উপজেলার গোবরা গ্রামের আকাশ শিকদারের ছেলে সাজিমকে গত ৬ অক্টোবর রাতে খাবার কিনে দেওয়ার কথা বলে কৌশলে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে। পরিবারের অভিযোগ, দূরসম্পর্কের আত্মীয় মুন্না শিকদার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে শিশুটিকে জোরপূর্বক একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যান।
অপহরণের পর বিভিন্ন মোবাইল নম্বর থেকে ফোন করে সাজিমের পরিবারের কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয় বলে অভিযোগ রয়েছে। মুক্তিপণ না দিলে শিশুটিকে হত্যা করার হুমকিও দেওয়া হয়েছিল বলে জানিয়েছে পরিবার।
এ ঘটনায় সাজিমের বাবা আকাশ শিকদার গোপালগঞ্জ সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পর পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্ত শুরু করে। একপর্যায়ে বৃহস্পতিবার রাতে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার এবং মুন্না শিকদারকে গ্রেপ্তার করা হয়।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিশুটিকে প্রথমে ট্রেনযোগে ঢাকায় নেওয়া হয়। পরে তাকে ভারতে পাচারের উদ্দেশ্যে সাতক্ষীরা সীমান্ত এলাকায় নিয়ে যাওয়া হয়েছিল। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
মতামত