নোয়াখালীতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ২২ পিস ইয়াবা ট্যাবলেটসহ আব্দুস সালাম নোবেল (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (২৫ অক্টোবর) সকালে নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মোঃ আরিফ হোসেন এ তথ্য জানান।
পুলিশ সূত্রে জানা যায়, নোয়াখালী জেলার পুলিশ সুপারের নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তার সার্বিক তত্ত্বাবধানে শনিবার (২৪ অক্টোবর) রাত ৮টা ১৫ মিনিটের দিকে সুধারাম থানাধীন ৬ নম্বর ওয়ার্ডের গোপাই এলাকার কবুতর বাজার রোডে অভিযান পরিচালনা করা হয়।
ডিবির উপপরিদর্শক (এসআই) মোঃ জাহাঙ্গীর আলম সঙ্গীয় ফোর্সসহ মতিন স্টোর নামের একটি মুদিদোকানের সামনে পাকা সড়কে এ অভিযান চালান। এ সময় আব্দুস সালাম নোবেলকে আটক করা হয়। পরে তাঁর দেহ তল্লাশি করে ২২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তার আব্দুস সালাম নোবেল সুধারাম থানার ৮ নম্বর ওয়ার্ডের সোনাপুর দরগাবাড়ি এলাকার বাসিন্দা। তাঁর পিতার নাম মৃত আক্রাম উদ্দিন এবং মাতার নাম অঞ্জনা বেগম।
পুলিশ জানায়, এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে সুধারাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
নোয়াখালী জেলা পুলিশ মাদকবিরোধী অভিযান অব্যাহত রেখেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
মতামত